মেসির বিশ্বকাপ ভবিষ্যৎ জানালেন মাশ্চেরানো

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকে আরেকটি বিশ্বকাপে দেখা যাবে কি না সেই প্রসঙ্গে বারবার প্রশ্ন উঠলেও এ নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুরোপুরি মেসির ব্যক্তিগত বিষয়। তবে ইন্টার মায়ামিতে তার বর্তমান কোচ ও সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো মনে করেন, আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় মেসি এখনো গুরুত্বপূর্ণ অংশ।

মাশ্চেরানো জানান, স্কালোনি মেসির জন্য দরজা খোলা রেখেছেন। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। সবুজ সংকেত মিললে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে নিতে কোনো দ্বিধা থাকবে না। কারণ ১০ নম্বর পজিশনে মেসি এখনো আর্জেন্টিনার জন্য প্রতীকী ও প্রভাবশালী উপস্থিতি।

৩৮ বছর বয়সী মেসি কি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন—এমন প্রশ্নে মাশ্চেরানোর উত্তর, “হ্যাঁ, কেন নয়?”

খেলোয়াড় হিসেবে মেসির শারীরিক অবস্থান কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে মাশ্চেরানো বলেন, “আমি খেলোয়াড়দের কাছাকাছি থাকতে পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা কেমন অনুভব করছে। নিজের শরীর কীভাবে সাড়া দিচ্ছে, সেটা খেলোয়াড়দের চেয়ে ভালো কেউ জানে না।”

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “আর্জেন্টিনা বিশ্বকাপে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই যাবে। তারা দীর্ঘদিন ধরেই উচ্চমানের প্রতিযোগিতায় খেলছে এবং দলে আছে অসাধারণ সব ফুটবলার।”

বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যে মেসির দখলে—২৬ ম্যাচ। সেই সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ আছে তার সামনে। পাশাপাশি বাড়তে পারে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাও, যা বর্তমানে ১৯৬।

২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার অংশ হওয়া নিয়ে আগেও নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। সে সময় তিনি বলেছিলেন,

“আমি আশা করি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, আমি থাকতে চাই। সবচেয়ে খারাপ হলেও গ্যালারিতে বসে খেলা দেখব—তবু সেটা বিশেষ হবে। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, বিশেষ করে আমাদের জন্য।”

স্কালোনির সঙ্গে সম্পর্ক ও আলোচনা প্রসঙ্গে মেসির ভাষ্য, “আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। সে আমাকে বোঝে। আমরা সবকিছু নিয়েই আলোচনা করি। সে সবসময় বলে—যেকোনো ভূমিকায় হলেও আমাকে সেখানে দেখতে চায়। আমাদের মধ্যে গভীর বিশ্বাসের সম্পর্ক আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights