আন্তর্জাতিক জলসীমায় সফল ড্রোনের অভিযানের দাবি ইরানের
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন আগ্রাসনের খবরের মধ্যেই সফলভাবে অভিযান সম্পন্ন করেছে ইরানের সশস্ত্র বাহিনীর টহল ও নজরদারি ড্রোন।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এবং তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রতিবেশী অঞ্চলগুলোতে সামরিক গতিবিধি পর্যবেক্ষণের নিয়মিত এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ড্রোনটি মোতায়েন করা হয়েছিল।
তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি ছিল শাহেদ-১২৯ মডেলের। পশ্চিমা গণমাধ্যমে মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ওপর ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করা হলেও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি তার নির্ধারিত মিশন সফলভাবে শেষ করে কমান্ড সেন্টারে প্রয়োজনীয় ছবি ও ফুটেজ পাঠাতে সক্ষম হয়েছে। তবে পরবর্তীতে ড্রোনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে তেহরান।
এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে দাবি করে, আত্মরক্ষার স্বার্থে এবং নিজেদের সেনাদের সুরক্ষায় তারা একটি ইরানি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে। তারা আরও দাবি করেছে , উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য ওয়াশিংটনের নেই। উল্লেখ্য, পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক উপস্থিতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের ওপর সামরিক আগ্রাসনের হুমকির মাঝেই এই ঘটনা ঘটল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী গত শনিবার সতর্কবার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ শুরু করলে তা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
সূত্র: প্রেস টিভি
