কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সাগর থেকে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ। গত কয়েক দিন ধরে জোয়ারের সময় এসব জেলিফিশ ভেসে এসে সৈকতের লেম্বুরবন, মাঝিবাড়ি, ঝাউবনসহ বিভিন্ন পয়েন্টে আটকা পড়ছে। দিন দিন মরা জেলিফিশের সংখ্যা বাড়ছে। রোদে শুকিয়ে এগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মৃত জেলিফিশ। প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে কিছু জেলিফিশ তীরে ভেসে এলেও এবার আগেভাগেই সাগরে জেলিফিশের আধিক্য দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি।

সাগরের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় জেলিফিশগুলো মারা পড়ছে বলে ধারনা করছেন জেলেরা। বর্তমানে সাগরে জাল ফেললেই জেলিফিশ আটকে যাচ্ছে। এতে মাছ ধরা ব্যাহত হচ্ছে এবং জেলেরা বিপাকে পড়েছেন। তবে জেলিফিশ মারা যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৎস্যবিদ্যা ও ওয়ার্ল্ডফিশের সাবেক গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সমুদ্রে জেলিফিশ বৃদ্ধির পেছনে উষ্ণ পানির তাপমাত্রা, অতিরিক্ত মাছ ধরা, দূষণ এবং খাদ্যের প্রাচুর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েক দিন ধরে জেলিফিশগুলো উপকূলের কাছাকাছি চলে এসে জেলেদের জালে আটকা পড়ছে। আবহাওয়ার পরিবর্তন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights