ইলিয়াস আলীকে ভালোবাসার প্রতিদান এ বিজয় : লুনা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী, গুমের শিকার ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয় এটি মানুষের ভালোবাসা, স্মৃতি ও আবেগের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে হৃদয়ে ধারণ করে রেখেছেন। সেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসাই এবার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ইলিয়াস আলীকে ভালোবাসার প্রতিদান এ বিজয়। এটি ইলিয়াস আলীকে ভালোবাসা মানুষের বিজয়।

শুক্রবার সন্ধ্যায় (১৩ ফেব্রুয়ারি) নিজ গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানা গ্রামে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন তিনি।

লুনা আরও বলেন, মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার রাজনীতির মূল অঙ্গীকার। উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা, সাধারণ মানুষের পাশে থাকা এবং একটি শান্তিপূর্ণ ও অগ্রসর জনপদ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষভাবে গুরুত্ব দিতে চান বিমানবন্দরে প্রবাসী হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে। পাশাপাশি রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশ্বনাথের বাসিয়া নদী রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানোন্নয়ন, মানুষের অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করা এসব বিষয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে লুনা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। তাই এই ক্ষেত্রে আমি সহযোগিতামূলক অবস্থান রাখতে চাই।

সবশেষে তিনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইলিয়াস আলীকে সামনে রেখেই, তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করাই হবে তার রাজনীতির সব চেয়ে বড় প্রতিশ্রুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights