দায়িত্ব নিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিএনপি সরকারের লক্ষ্য সবাইকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করা। রাঙ্গামাটি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিত করতে কাজ করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমন্বিত উন্নয়নই হবে সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে এবং কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। সবাইকে সঙ্গে নিয়েই পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি থেকে নির্বাচিত হয়েছেন। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights