বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক

তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।

বহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরও গভীর এবং জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া তাজিকিস্তানে নিযুক্ত (অনাবাসিক) বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে তাজিকিস্তান সফর করছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে।

প্রতিনিধিদলটি তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করে।

এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

তাজিকিস্তান সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

তাজিকিস্তানের স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

তিনি ভবিষ্যতে বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্কের পরিধি আরও বহুমুখী ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights