আইসিসিবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি

অনলাইন প্রতিবেদক

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির রয়েছে বিশেষ ঐতিহ্য। এর স্বাদ নিতে অনেকেই সেখানে ছুটে যান। যানজটের শহরে এক প্রান্ত থেকে পুরান ঢাকায় যাওয়া এবং ইফতার কিনে সময়মতো বাসায় ফিরে আসার ব্যাপারে অনিশ্চয়তায় থাকতে হয়। এ কারণেই বাহারি ইফতারের স্বাদ দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) দশমবারের মতো শুরু হয়েছে পুরান ঢাকার ইফতার বাজার। এবারও এ ইফতার বাজার প্রথম থেকে ২৭ রমজান পর্যন্ত বিকাল ৩টা থেকে ইফতারের সময় পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আইসিসিবির হল ঘুরে দেখা যায়, রমজানের প্রথম দিন থেকেই ইফতার বাজার জমে উঠেছে। বিরিয়ানিপ্রেমীদের জন্য রয়েছে মাটন কাচ্চি (বাসমতী ও চিনিগুঁড়া), মোরগ পোলাও, বিফ তেহারি। রোস্টপ্রেমীদের জন্য চিকেন ও মাটনের নানান পদের রোস্ট। কাবাবের সমারোহে রয়েছে চিকেন রেশমি, হরিয়ালি, তন্দুরি, বিফ শিক কাবাবের মতো আইকনিক আইটেম। হান্ডি কাবাব, ডিম চপ, কালা ভুনা, মাটন হালিমের মতো পুরান ঢাকার বিশেষ আইটেমও পাওয়া যাচ্ছে এখানে। ২০টি স্টলের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর আকর্ষণ আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট।

পুরান ঢাকার ইফতারের স্বাদ নিতে আইসিসিবিতে যান বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মাহমুদ হাসান। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা। ইফতার শেষে নামাজের জন্য মসজিদের ব্যবস্থা রয়েছে। এতো সুন্দর পরিবেশের কারণে প্রতি বছর বন্ধুদের নিয়ে এখানে ইফতার করতে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights