আইসিসিবিতে পুরান ঢাকার ইফতার উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার ২০২৬’ উৎসব। রমজানের প্রথম দিন থেকে চালু হওয়া এ ইফতার উৎসব চলবে ২৭ রমজান পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে ইফতারের সময় পর্যন্ত।

গতকাল আইসিসিবির হল-৫ বা পুষ্পাঞ্জলি হলে দশমবারের মতো এ ইফতার উৎসবের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এখানে মান ও স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রস্তুত ইফতারির খাবারই পরিবেশন করা হচ্ছে। দামও রাখা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারকে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশে উপস্থাপন করাই আয়োজনের মূল লক্ষ্য। সরেজমিন আইসিসিবির ইফতার উৎসব ঘুরে দেখা যায়, ঢাকাই খাবারের পরিচিত বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের আয়োজনও। শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালি-মুক্ত পরিবেশে সাজানো হয়েছে পুরো বাজার। পরিবার নিয়ে এসে খাওয়া বা ইফতার কিনে বাসায় নেওয়া দুই সুবিধাই রয়েছে এখানে। বিকালের পর থেকে ইফতারের সময় যত ঘনিয়ে আসে এখানে ভিড় বেড়েছে তত। অফিসফেরত মানুষ, পরিবার-পরিজন কিংবা বন্ধুদের ছোট ছোট দল সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ হলজুড়ে। ইফতারের আগে শেষ মুহূর্তে পছন্দের খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। উৎসবে রয়েছে পুরান ঢাকার ইফতার ঢাকার ঐতিহ্যবাহী হালিম, কাচ্চি, কাবাব কিংবা ডিম চপ-প্রতিটি আইটেমের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্বাদ-স্মৃতি। কিন্তু যানজট আর ভিড় এড়িয়ে চকবাজার বা পুরান ঢাকায় যাওয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই গত এক দশক ধরে নতুন ঢাকার ভোজনরসিকদের জন্য পুরান ঢাকার স্বাদ পৌঁছে দিচ্ছে আইসিসিবি। এখানে ইফতারের তালিকায় রয়েছে পুরান ঢাকার মাটন কাচ্চি, মোরগ পোলাও, বিফ তেহারি, নানা ধরনের রোস্ট, কাবাব ও হান্ডি কাবাব, কালা ভুনা, মাটন হালিম, ডিম চপ ইত্যাদি। পাশাপাশি রয়েছে বিভিন্ন শাহি আইটেম ও তাজা ফলের জুসের সমাহার। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর প্রধান পরিচালন কর্মকর্তা এস এম জসীম উদ্দীন বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন। নতুন ঢাকার বাসিন্দাদের জন্য যানজট পেরিয়ে পুরান ঢাকায় গিয়ে ইফতার সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় দশ বছর আগে আইসিসিবি এ আয়োজন শুরু করে। এর মাধ্যমে হাতের নাগালে, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের এ উদ্যোগ ইতোমধ্যে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights