তেহরানের ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০০ জন উদ্ধার
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বহু মানুষ। জীবিতদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করতে দেখা গেছে ইরানের রেড ক্রিসেন্টকে। এ পর্যন্ত উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানে রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর তাদের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার করেছে।
রেড ক্রিসেন্ট আরও জানায়, এই হামলার ফলে দেশজুড়ে মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ আবাসিক ঘরবাড়ি এবং প্রায় ২৪ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। পাঁচ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
সূত্র : আল-জাজিরা।
