টি-টুয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে ভারতকে যা করতে হবে

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ ‘১’-এ চাপে পড়েছে সূর্যকুমার যাদবের দল। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে গেছে, যা ভারতের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করেছে।

গ্রুপে এখন এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ২ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচে হার নিয়ে পয়েন্টশূন্য ভারত তৃতীয় স্থানে। জিম্বাবুয়েও এক ম্যাচে হেরে আছে চতুর্থে। সুপার এইট থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, আর প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।

ভারতের সামনে এখন দুটি ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে এ দুই ম্যাচেই জিততে হবে ভারতকে। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ও গুরুত্বপূর্ণ, কারণ নেট রান রেট শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।

তবে শুধু নিজেদের জয় যথেষ্ট নাও হতে পারে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচ জেতে, তাহলে ভারতের জন্য পথ কিছুটা সহজ হবে। কিন্তু প্রোটিয়ারা হেরে গেলে বা তিন দলের সমান পয়েন্ট হলে হিসাব গড়াবে রান রেটের দিকে।

অর্থাৎ ভারতের সামনে সমীকরণ পরিষ্কার দুই ম্যাচে জয়, সম্ভব হলে বড় ব্যবধানে; পাশাপাশি প্রার্থনা করতে হবে প্রতিপক্ষদের ফল নিজেদের অনুকূলে যাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights