বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ ও আর্য়ুবেদিক সিরাপ জব্দ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ইস্কাফ সিরাপ, আর্য়ুবেদিক সিরাপ ও জিরা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের প্রস্তুতির খবর পেয়ে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি বিশেষ টহলদল অভিযান চালায়। ২৪ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ক্রান্তির কুটি এলাকায়, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের মোগলহাট বিওপির অধীন কুমারটারী এলাকায় এবং ২২ ফেব্রুয়ারি দুপুরে আদিতমারী উপজেলার ক্লিনিকমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তাঁরা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আর্য়ুবেদিক সিরাপ ও ৯ কেজি জিরা জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩২ হাজার ২০০ টাকা। এর মধ্যে ইস্কাফ সিরাপের মূল্য ১৫ হাজার ২০০ টাকা, আর্য়ুবেদিক সিরাপের মূল্য ৮ হাজার টাকা এবং জিরার মূল্য ৯ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
