রক্ষক যখন ভক্ষক, তখন কাজ হয় না: ভূমি প্রতিমন্ত্রী
নেত্রকোনা প্রতিনিধি
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মগরা নদী উদ্ধারে পূর্ববর্তী উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত ফল আসেনি। ‘রক্ষক যখন ভক্ষক হয়, তখন কোনো কাজই সফল হয় না’ মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার নদী ও খাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
শনিবার নেত্রকোনা জেলায় সরকারি সফরে এসে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নদী-খাল উদ্ধারের অঙ্গীকার ছিল। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই নদী শাসন ও অবৈধ দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। ‘জাল যার, জলা তার’ নীতিকে সামনে রেখে জলাশয় রক্ষায় কাজ করা হবে বলেও জানান তিনি।
মাদক ও চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। ক্ষমতায় আসার আট থেকে ১০ দিনের মধ্যেই কলমাকান্দায় যে অভিযান পরিচালিত হয়েছে, তা সরকারের কঠোর অবস্থানেরই বার্তা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. আনোয়ারুল হক, ড. রফিকুল ইসলাম হিলালী, মাছুম মোস্তফা এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
