আফঈদাদের সামনে এবার উত্তর কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল মঙ্গলবারের ম্যাচের পর গতকাল সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন সম্পন্ন করেছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয় অনুশীলন। প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন আফঈদা খন্দকাররা। এ সেশনে খেলোয়াড়দের দুটি ভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হয়। যেসব ফুটবলার চীনের বিপক্ষে ম্যাচে ৬০ মিনিটের বেশি সময় খেলেছেন, তারা ফিটনেস কোচের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ রিকভারি সেশন করেন। অন্যদিকে যারা তুলনামূলক কম সময় মাঠে ছিলেন, তারা প্রধান কোচ পিটার বাটলারের অধীনে ৪৫ মিনিটের আলাদা ড্রিল সেশন করেন। যেখানে ম্যাচের চাপ সামলানোর ওপর ফোকাস করা হয়। অনুশীলন শেষে নারী ফুটবলাররা পেশির সুস্থতার জন্য আইস রিকভারি সেশন করেন। বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের কেউ গুরুতর চোটে আক্রান্ত নন। ম্যাচ পরবর্তী সামান্য পেশির ব্যথা ছাড়া সবাই সুস্থ আছেন। দলীয় ফিজিওথেরাপিস্ট খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কাল উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পুরো দল প্রস্তুত থাকবে বলে আশা করছেন কোচ। গতকাল কোনো জিম সেশন রাখা হয়নি। এর পরিবর্তে আফঈদারা দিনটির বাকি সময় সিডনির ঐতিহ্যবাহী ওপেরা হাউস ও রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করেন। আজ আবারও জুবিলি স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ৯টায় অনুশীলন শুরু করবেন নারী ফুটবলাররা। গতকাল অনুশীলনের ফাঁকে এক ভিডিও বার্তায় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বলেন, ‘আমরা চীনের বিপক্ষে যে পরিকল্পনা করেছিলাম, সে অনুযায়ীই খেলতে পেরেছি। বিশেষ করে মিলির ব্যাপারে আমরা দুই মাস আগেই পরিকল্পনা করেছিলাম। তার স্ট্রং দিকগুলো নিয়ে কাজ করেছি। সে ভালো করেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের একটি ভিডিও সেশন আছে। সেখানে আমরা পরবর্তী ম্যাচের পরিকল্পনা করব। এরপর মাঠে অনুশীলন করে নিজেদের প্রস্তুত করে তুলব।’ তিনি আশা করেন, উত্তর কোরিয়ার বিপক্ষেও ভালো খেলবে মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights