স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, ‘সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলেছি। আরও আলাপ-আলোচনা হচ্ছে। একটি পথনকশা তৈরি করা হবে। সেই পথনকশা ধরে একটি স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিষ্ট লক্ষ্যে যেতে পারব।’

বুধবার চট্টগ্রামের একটি ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাই। গণমাধ্যম সংশ্লিষ্টরাই জবাবদিহিতার সীমানা নির্ধারণ করবেন। নির্ধারিত সেই সীমানার মধ্যে যাতে কোনো গোয়েন্দা সংস্থা, রাষ্ট্র বা অন্য কেউ হস্তক্ষেপ করে বাধাগ্রস্ত করতে না পারে, সেই দায়িত্ব পালনে তথ্য মন্ত্রণালয় প্রস্তুত।

অনুষ্ঠানের প্রধান বক্তা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের কণ্ঠস্বর তুলে ধরে। সরকারের কার্যক্রম উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকতা আর দলদাস এক নয়। দলদাসমুক্ত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজও বক্তব্য রাখেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights