কুয়েতে হামলা চালিয়ে শতাধিক মার্কিন সেনাকে আহত করার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদাইরি’তে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসের ২১তম রাতে ‘ট্রু প্রমিজ ফোর’ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

‘ইয়া হায়দার আল-কাররার’ কোডনেমে পরিচালিত এই অভিযানে আল-উদাইরি বিমানঘাঁটিতে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় অন্তত ১০০ মার্কিন সেনা আহত হয়েছে। আহত সেনাদের চিকিৎসার জন্য দ্রুত আল-জাবের এবং আল-মুবারক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কেবল আল-উদাইরি নয় বরং মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অত্যাধুনিক ‘লিডস’ সিস্টেমও ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে।

একই সময়ে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, সামরিক গুদাম এবং মার্কিন ব্যারাকগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন বাহিনী এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এবং ইরান থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান থামাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights