জাতীয় দলের মূল প্রস্তুতি ভিয়েতনামে
ক্রীড়া প্রতিবেদক
ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ও সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে অধিকাংশই গতকাল ক্যাম্পে রিপোর্ট করেছেন। প্রস্তুতি শুরু হবে আজ। চলবে ১৯ মার্চ পর্যন্ত। পরের দিনই ভিয়েতনামে উড়ে যাবে জাতীয় দল। ২৬ মার্চ স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকেই সিঙ্গাপুরে রওনা হবেন জামাল ভূঁইয়ারা। এশিয়ান কাপে বাছাইয়ে খেলার মূল প্রস্তুতিটা হবে ভিয়েতনামে। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও হেরে যান হামজারা। সিঙ্গাপুরের মাটিতে প্রতিশোধ নেবে না শেষটা হবে হারে বা ড্রয়ে সেটাই দেখার বিষয়। ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। এবার হামজা, সামিত, জায়ান ও ফাহমিদুলদের মতো প্রবাসী খেলায় আশা ছিল চূড়ান্ত পর্বের। তা আর হয়নি। তারপরও বড় প্রাপ্তি ছিল ২২ বছর পর ভারতকে হারানো। ঘরের মাঠে হারলেও হংকংয়ের সঙ্গে দ্বিতীয় লেগে ড্র করেছিলেন রাকিবরা। শিলংয়ে ভারতের সঙ্গে ম্যাচ ড্র হয়।
