শেষ দিনে উপচে পড়া ভিড় ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেষ দিনের লেনদেনে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে ব্যাংকগুলোতে। গতকাল রাজধানীর বিভিন্ন ব্যাংক শাখায় টাকা উত্তোলনের সঙ্গে জমা দিতেও দেখা গেছে গ্রাহকদের। নতুন নোট, ব্যবসায়িক অর্থ জমা এবং উত্তোলনের জন্য শেষ কর্মদিবসেও ভিড় করেছেন গ্রাহক।
আজ থেকে টানা সাত দিন বন্ধ থাকবে ব্যাংক। এ সময় কেবল এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং চালু থাকবে। ঈদের ছুটিতে সব বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এটিএম, পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে, এমএফএসের মাধ্যমে গ্রাহক যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংকের পরিচালিত সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দেশনায় এটিএম সেবা সম্পর্কে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা চালু থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত টাকা এবং সার্বক্ষণিক পাহারা রাখতে হবে। শেষ দিনে মতিঝিলের বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে প্রতিটি ব্যাংকে দীর্ঘ লাইন। ঈদের আগে সর্বশেষ লেনদেন হওয়ায় বেশির ভাগ গ্রাহকই টাকা উত্তোলন করতে এসেছেন। পল্টনে বেসরকারি একটি শাখায় গিয়ে ডেস্কগুলোতে দেখা যায় একাধিক লাইন। প্রতিটি লাইনে ৩০ থেকে ৪০ জন গ্রাহক। একই চিত্র দেখা গেছে মতিঝিলের রূপালী ব্যাংকের লোকাল শাখায়। এ শাখায় ১৫-১৬টি কাউন্টারে দীর্ঘ লাইন দেখা গেছে। ব্যাংকগুলোতে নতুন টাকার জন্য এসেছেন অনেক গ্রাহক। তাদেরও ভিড় দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এ ছাড়া ঈদে ব্যাংক বন্ধ থাকলেও অর্থ সরবরাহ স্বাভাবিক থাকবে এটিএম বুথগুলোতে, এজন্য সার্বিক নিরাপত্তা জোরদার রাখার কথা জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
