চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানির আরও চার জাহাজ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতার মধ্যেও একের পর এক জ্বালানি বোঝাই জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। বিগত প্রায় দুই সপ্তাহে দেশের প্রধান সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে তেল ও গ্যাসের ২৩টি বড় জাহাজ।

এছাড়া আরও চারটি জাহাজ বর্তমানে বাংলাদেশের জলসীমার পথে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব জাহাজ বন্দরে নোঙর করার কথা।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়। প্রণালিটিতে চলাচল ব্যাহত হলেও চট্টগ্রাম বন্দরে একের পর এক আসছে তেল-গ্যাসবাহী জাহাজ।

তবে এসব জাহাজের বেশিরভাগই যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বাড়ার আগেই হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছিল। কয়েকটি জাহাজ এসেছে সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে ২৩টি জাহাজ এসেছে। এর মধ্যে বেশির ভাগের খালাস শেষ হয়েছে। কয়েকটিতে খালাস চলছে।

এদিকে আগামী ২৩ মার্চের মধ্যে বন্দরে আসছে আরও চারটি জ্বালানি বোঝাই জাহাজ। এঙ্গোলা, ওমান, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে এসব জাহাজ আসার কথা রয়েছে। এই চার জাহাজের দুটিতে এলপিজি, একটিতে এলএনজি ও অপরটিতে বেইজ অয়েল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights