পোশাক নিয়ে সালমান খানের ‘নিয়ম’ প্রকাশ করলেন পলক

অনলাইন ডেস্ক
মা শ্বেতা তিওয়ারি টেলিভিশনের পরিচিত মুখ। তবে মেয়ে পলক তিওয়ারি ওই পথে হাঁটেননি। বরং বলিউডের তিন খানের এক খানের ছবির মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি।

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের। আসছে ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি। এতে কাজ করার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে পলক জানালেন বলিউডের ভাইজানের বিশেষ এক নিয়মের কথা।

বলিউডে পা রাখার আগে ‘বিজলি বিজলি’ মিউজিক ভিডিওতে দেখা গেছে পলক তিওয়ারিকে। খুব কম সময়ের মধ্যেই পর্দায় নিজের লাস্যময়ী উপস্থিতির জন্য ‘বিজলি গার্ল’ তকমাও পেয়েছেন তিনি। তবে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে নাকি একেবারে ‘ভাল মেয়ে’ হয়ে থাকতে হয়েছে তাকে।
পলক জানান, ছবির সেটে নাকি নারীদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সালমান খান। সেটে উপস্থিত নারীদের সবাইকেই নাকি বুক ঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের পক্ষ থেকে।

এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য প্রযোজ্য নয়। পলক জানান, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির সেটেও একই নিয়ম রেখেছিলেন সালমান।

এক সাক্ষাৎকারে নবাগতা অভিনেত্রী জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিষেকের আগে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। মহেশ মাঞ্জারেকারের ওই ছবিতেও নাকি একই নিয়ম রেখেছিলেন সালমান।

পলক বলেন, ‘‘একদিন আমি শার্ট আর জগার্স পরে বাড়ি থেকে বের হচ্ছি দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলেছিলাম যে, সালমান স্যারের সেটে যাচ্ছি। আমাকে ওই পোশাকে দেখে মা খুব খুশি হয়ে হয়েছিলেন!’’

পলকের দাবি, ‘‘সালমান স্যার একটু পুরনোপন্থী। আমাদের যেকোনও রকমের পোশাক পরায় তার আপত্তি নেই। কিন্তু উনি চান যেন আমরা সুরক্ষিত থাকি, সাবধানে থাকি। তার বিশ্বস্ত না হলে তিনি কাউকে ভরসা করেন না।”

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন পলক তিওয়ারি। ইতোমধ্যেই অবশ্য সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে সম্পর্ক নিয়ে নাম জড়িয়েছে তার। অবশ্য ইব্রাহিমের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি পলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights