টানা চার ম্যাচে হারল চেলসি

অনলাইন ডেস্ক

ব্যর্থতার বৃত্তে ঘুরছে চেলসি। মাঠের লড়াইয়ে কোনোভাবেই তার উত্তর খুঁজে পাচ্ছে না ব্লুজরা। প্রিমিয়ার লিগে শনিবার রাতে এভারটনের মাঠেও হেরেছে লিয়াম রোসেনিয়রের দল। হিল ডিকসন স্টেডিয়ামে এদিন চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে এভারটন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার অতিথিদের জাল কাঁপায় এভারটন।

গিনি বিসাউ ফরোয়ার্ড বেতো করেন জোড়া গোল। একবার জালের দেখা পেয়েছেন দলটির সেনেগালের লেফট উইঙ্গার ইলিমান দিয়ায়ে। এ নিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে চেলসিকে হারাল এভারটন।

চেলসি ৬৪ শতাংশ বল দখলে রাখার সঙ্গে ম্যাচে সর্বোচ্চ ১২ শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪ শট। ৩ বার পরিষ্কার গোলের সুযোগ মিসের হতাশায় পরের মাঠে বড় ব্যবধানেই হারতে হলো লন্ডনের ক্লাবটিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার খেলায় হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়লো চেলসি।

এই চার ম্যাচের তিনটিতে গোল করতে পারেনি ব্লুজরা। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির জালে দুই গোল দিয়েছিল তারা। যদিও ওই ম্যাচে আবার ৫ গোল হজম করেছে ক্লাবটি। সব মিলিয়ে এই চার ম্যাচে মোট ১২ গোল হজম করলো প্রিমিয়ার লিগের ৬বারের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতের হারে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়েই রইল চেলসি। কেননা একই রাতে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে পাঁচে থাকা লিভারপুল। চেলসিকে হারিয়ে তালিকার আটে উঠে এলো এভারটন। ৩১ খেলায় ৭০ পয়েন্ট পেয়ে সবার ওপরে আর্সেনাল।

রাতের অন্য ম্যাচে বার্নলিকে ৩-১ হারিয়ে সেরা দশের (৯) মধ্যে জায়গা করে নিয়েছে ফুলহাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights