নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে বৈঠার আঘাতে বৃদ্ধ খুন, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

রবিবার উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্ত মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোটা ও নৌকার বৈঠা নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন মঞ্জু মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলে সালেক মিয়া অভিযোগ করেন, বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের আমীর হোসেন লাঠি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু দে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights