সীমান্ত সংঘর্ষে নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল
অনলাইন ডেস্ক
ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের কাছে সংঘর্ষ চলাকালে নিজেদের ছোড়া গুলিতে প্রাণ গেল এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরায়েলের মিসগাভ আম এলাকায় ওফার মস্কোভিৎস নামের ৬০ বছর বয়সী এক ইসরায়েলি নিহত হয়েছেন, তিনি ইসরায়েলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরায়েলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।
ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ‘ভুল’ ধরা পড়েছে।
সূত্র : আল-জাজিরা।
