স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি ভিড় এড়াতে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। গতকাল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে বিভিন্ন জেলা থেকে আগত ট্রেনগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালেও বিভিন্ন জেলা থেকে বাস পৌঁছাতে দেখা গেছে। সদরঘাটে লঞ্চ টার্মিনালেও ঈদ শেষে ভিড় ছিল ঢাকায় ফেরা মানুষের।

সরেজমিন দেখা যায়, ঈদের ছুটি শেষে যারা কাজে যোগ দিতে ঢাকায় আসছে তাদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে ফিরছে। তবে কেউ কেউ পরিবার রেখেই আগে কর্মস্থলে যোগ দিতে একাই ফিরছে। গত সোমবার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে নীলফামারী থেকে ঢাকায় ফিরেছেন আশিকুর রহমান। তিনি জানান, নির্ধারিত ছুটির বাইরে বাড়তি ছুটি নেওয়া হয়নি। তাই কর্মস্থলে যোগ দিতে আগেভাগে ঢাকায় ফিরেছি। ঢাকায় ফেরা স্বস্তির ছিল বলে জানান তিনি। সিটের বাড়তি কোনো যাত্রীও ছিল না ট্রেনে। গতকাল রংপুর থেকে বাসযোগে ঢাকায় ফেরেন আসাদুল ইসলাম। তিনি বলেন, বাসে ঢাকায় ফেরা স্বস্তির হয়েছে। কোথাও কোনো যানজট দেখা মেলেনি। তবে ঈদের আগে বাড়ি যাওয়ার মতো ঈদ শেষে ঢাকায় ফিরতেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উত্তরাঞ্চলের অধিকাংশ বাসে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে বলে জানা গেছে। ঈদের পর অনেকে রাজধানী ছাড়ছেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল ঘরমুখো যাত্রীদেরও ভিড় দেখা গেছে।

পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই। এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৬ মার্চ থেকে ঈদে বাড়ি ফেরা উপলক্ষে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনে গ্রামের পানে ছুটে যান লাখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ-সবখানেই ছিল ঘরমুখী যাত্রীদের চিরচেনা ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights