যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়

স্পোর্টস ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ম্যাচগুলো আগামী মাসে সৌদি আরবের জেদ্দায় এক লেগে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন সূচি ঘোষণা করে এ তথ্য জানায়।

গত মাসের শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মূলত শেষ ষোলোর ম্যাচগুলো মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলো স্থগিত করে এএফসি।

নতুন সূচি অনুযায়ী, শিরোপাধারী আল-আহলি মুখোমুখি হবে কাতারের আল-দুহাইলের। চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। এছাড়া আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই ভেন্যু জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিল কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করা হবে।

এদিকে, শেষ আটের ড্র আগামী বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights