চুরি হওয়া অটোভ্যান চার মাস পর ফিরে পেলেন মালিক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোভ্যান চার মাস পর উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

গতকাল মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট পৌরসভার কাজির বন এলাকার বাসিন্দা জালিয়া পাহাড়ীর হাতে তার অটোভ্যানটি তুলে দেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জালিয়া পাহাড়ীর অটোভ্যানটি চুরি হয়। পরবর্তী সময়ে সিংড়া ইউনিয়নের সাতপাড়া ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি দেখতে পেয়ে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দেন। পরে গ্রাম পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়।

উদ্ধারের পর দীর্ঘ চার মাস ধরে প্রকৃত মালিককে খুঁজতে চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত ভ্যানের মধ্যে থাকা একটি বিদ্যুৎ বিলের কপির সূত্র ধরে মালিকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। পরে মঙ্গলবার সেটি জালিয়া পাহাড়ীর কাছে হস্তান্তর করা হয়।

ভ্যানটি ফিরে পেয়ে আবেগাপ্লুত জালিয়া পাহাড়ী বলেন, এটি ছিল তার জীবিকার একমাত্র মাধ্যম। ভ্যান হারানোর পর পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন ভ্যান ফিরে পেয়ে তিনি অনেকটাই স্বস্তি অনুভব করছেন।

এ বিষয়ে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, প্রকৃত মালিকের হাতে ভ্যানটি তুলে দিতে পেরে তিনি সন্তুষ্ট। মালিকের মুখের হাসিই তার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights