ভিয়েতনামের কাছে তিন গোলে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল হজম করে হাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশ একাদশ সাজিয়েছিল পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে। হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম প্রথমার্ধে খেলেছে। তবে স্বাগতিক ভিয়েতনাম দলের আধিপত্যের কারণে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

অষ্টম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার জায়ান আহমেদ, ফলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাম চুন মান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ভিয়েতনাম বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ দৃঢ়তা দেখান। ৫২ মিনিটে রাফায়েলসনের একটি ভালো সুযোগ ঠেকানোর পর ৬৯ মিনিটে খুয়াত ভ্যান খাংয়ের শটও প্রতিহত করেন তিনি। একই মিনিটে হামজার ভুল পাস থেকে তৈরি হওয়া সুযোগে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করায় হলুদ কার্ড দেখেন সাদ উদ্দিন।

ম্যাচের শেষ দিকে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ। ৮৭ মিনিটে টানা দুটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি হামজারা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও আর জালের দেখা পায়নি। ফলে প্রথমার্ধের তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights