ফয়সাল-আলমগীর ১১ দিনের রিমান্ডে
কলকাতা প্রতিনিধি
বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে এবার ১১ দিনের রিমান্ডে নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি-এনআইএ। গতকাল দিল্লির পাতিয়ালা হাউসে এনআইএর স্পেশাল আদালতে তোলা হলে আরও জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি দুই অভিযুক্তকে হেফাজতে চায়। তার পরই বিচারক এ রায় দেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য ২৩ মার্চ দিল্লিতে নিয়ে যায় এনআইএ।
এদিকে ২ এপ্রিল তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে হাজির করার কথা ছিল। সূত্রে জানা যায়, সম্ভবত তাদের দিল্লি থেকে ভার্চুয়ালি কলকাতার আদালতে হাজির করা হতে পারে। গত ২২ মার্চ জাতীয় এনআইএর পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে এতে সম্মতি দেন।
তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। ২২ মার্চ বিধাননগর আদালতের বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। তাদের সেদিনই দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেখান থেকেই ২৩ মার্চ দিল্লি নিয়ে যায় এনআইএ।
