কোনো অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার তিনটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের করের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় হয় সেই বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে। সরকার যখন যা দেবে তা জনগণকে জানিয়ে দেওয়া হবে, কোনো লুকোচুরি থাকবে না।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্ঠা করা হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে, বিএনপি শুধু কথার রাজনীতি করে না বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে।
