জন্মদিনে শাকিব খানের ‘রকস্টার’ লুক প্রকাশ

শোবিজ ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয় পোস্টারটি।

নতুন লুকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শাকিব খানকে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক ও স্নিকার্স পরিহিত অবস্থায় রাস্তায় বসে থাকা এই চরিত্রে তার শরীরজুড়ে ট্যাটুর উপস্থিতি নজর কেড়েছে সবার। পোস্টারের পেছনে বড় করে লেখা ‘রকস্টার’ নামটিও ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারটির মন্তব্যঘরে ভক্তরা শাকিব খানের নতুন লুকের প্রশংসা করার পাশাপাশি জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

জানা গেছে, নির্মাতা আজমান রুশোর পরিচালনায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ছবিতে শাকিব খানকে এক আধুনিক ও ট্রেন্ডি রক সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন।

আজমান রুশোর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights