নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু

অস্ট্রেলিয়া প্রতিনিধি

নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ হাই কমিশন, ওয়েলিংটন আনুষ্ঠানিকভাবে তাদের দাপ্তরিক কার্যক্রম আংশিকভাবে শুরু করেছে।

প্রাথমিক পর্যায়ে হাই কমিশনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসুলার সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ইমার্জেন্সি ট্রাভেল পারমিট প্রদান, পাওয়ার অফ অ্যাটর্নি (Power of Attorney) সত্যায়ন, পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র প্রদান।

বাংলাদেশ হাই কমিশন ওয়েলিংটনের কাউন্সিলর ইসতিয়াক উদ্দিন আহমেদ মুঠো ফোনে জানান, খুব শীঘ্রই জন্ম নিবন্ধন এবং ‘নো ভিসা রিকোয়ার্ড’ (NVR) সংক্রান্ত কার্যক্রমও চালু করা হবে। এছাড়া আগামী আগস্ট মাসের মধ্যে পূর্ণাঙ্গ কনসুলার সেবা চালুর লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে।

উল্লেখ্য, ওয়েলিংটনে বাংলাদেশ হাই কমিশন প্রতিষ্ঠার শুরু থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনক (বানজি) প্রবাসীদের স্বার্থে এবং হাই কমিশনের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সংগঠনটি নবগঠিত হাই কমিশনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সরাসরি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights