অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল। এসময় সিনিয়র আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের মানুষের প্রত্যাশা সুপ্রিম কোর্টের প্রতি। এই প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে চাই, মানুষের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের অফিস যেন বাধা না হয়ে দাঁড়ায়। বরং মানুষ যেন ন্যায় বিচার পায় আমাদের দায়িত্ব হচ্ছে তা সুনিশ্চিত করা।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও মোহাম্মদ অনীক আর হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights