হলফনামা করে নৌকার নির্বাচিত ইউপি চেয়ারম্যানের পদত্যাগ, বললেন ‘পদপদবি চাপিয়ে দিয়েছিল’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ছাবের আহমদ। নৌকা প্রতীক নিয়ে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যানও নির্বাচিত হন। আওয়ামী লীগের শাসনামলে ছিলেন দাপুটে নেতা। কিন্তু কয়েক দিন আগে রীতিমতো হলফনামায় ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দিয়েছেন এই নেতা। দলের সকাল পদপদবি এবং দলীয় প্রতীক তার ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
ছাবের আহমদ চট্টগ্রাম আদালতে হলফনামা সম্পাদন করেন গত বুধবার। হলফনামায় সাক্ষী করা হয় চরপাথরঘাটা ইউনিয়নের আব্দুর রহমান ও আমির হোসেন আমু নামের দুই ব্যক্তিকে। তবে বিষয়টি রবিবার (২৯ মার্চ) সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে নিয়ে নানা সমালোচনা চলছে।
হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চরপাথরঘাটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তবে এ পদটি তাকে জেলার নেতারা স্বপ্রণোদিতভাবে দিয়েছিলেন এবং তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে একাধিকবার জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবহিত করলেও কোনো সাড়া না পাওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।
হলফনামায় ছাবের ঘোষণা দেন, ভবিষ্যতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কোনো রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ বা সাংগঠনিক পদে যুক্ত থাকবেন না। তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, স্বতঃস্ফূর্ত এবং কোনো ধরনের চাপ বা প্রভাব ছাড়াই নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে তার কোনো দাবি বা সাংগঠনিক অবস্থান থাকবে না বলেও অঙ্গীকার করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ছাবের আহমদ বলেন, কিছু আওয়ামী লীগ নেতার চাপেই আমাকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। তবে আমি নৌকা ছাড়াও একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এমনকি মিছিল মিটিংয়েও অংশ নিইনি। কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি বারবার জানালেও কেউ গুরুত্ব দেয়নি।এ কারণে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি কোনো দলের সঙ্গে জড়িত নই।
