কয়েলের আগুনে দগ্ধ হয়ে মারা গেছে ৩ গরু, নিঃস্ব কৃষক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ঋণ করে কেনা তিনটি গরু।
রবিবার ভোরে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের কেছকিমুড়া মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক স্বপন মিয়া ছুট্টু ঋণ নিয়ে তিনটি গরু কিনে পালন করছিলেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে লাভে বিক্রির আশায় গরুগুলোকে পরিচর্যা করছিলেন তিনি।
আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায়। পাশাপাশি পাশের রান্নাঘর ও বসতঘরের মালামালও পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে আশপাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত কৃষক স্বপন মিয়া ছুট্টু বলেন, আমার শেষ সম্বল তিনটি গরু পুড়ে মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতা চাই।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার বিপ্লব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
