হাম: বরিশালে আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে হামের প্রকোপ বাড়ছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বিভাগে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩৮৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১১৫ জনের মধ্যে হামের উপসর্গ থাকলেও এখনো কারো ক্ষেত্রে শনাক্ত নিশ্চিত হয়নি।

এ সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত বিভাগে পাাঁচ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চার জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, হামের উপসর্গ নিয়ে ১৭ থেকে ২০ বছর বয়সি তিনজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অন্য দুজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, আক্রান্ত এই প্রাপ্তবয়স্কদের সবার টিকা নেওয়া ছিল। হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights