আরও দুই মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল অব্যাহত রেখেছেন। সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়ার পর এবার আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট এবং সামরিকবিষয়ক সাময়িকী স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনি এবং আর্মি চ্যাপ্লেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়রকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে সিবিএস নিউজ জেনারেল র‍্যান্ডি জর্জের অবসরের খবর প্রচার করার পর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছিল। তবে হোডনি এবং গ্রিনের অপসারণের বিষয়ে প্রতিরক্ষা দফতর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

পিট হেগসেথ দায়িত্ব গ্রহণের পর থেকেই মার্কিন সামরিক প্রশাসনের খোলনলচে বদলে ফেলার যে প্রক্রিয়া শুরু করেছেন, এই পদক্ষেপকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কাঠামো ও নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা নিয়ে ইতোমধ্যেই ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights