জ্বালানি সংকটে সরকার লুকোচুরি করছে: জামায়াত আমির

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না। সরকার এ বিষয়ে ‘লুকোচুরি’ করছে।

শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাসিফ কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট না থাকলে কেন সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক স্থানে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সবার সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে।

সমাবেশে তিনি অনলাইনে ক্লাস চালুর সমালোচনা করে বলেন, এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হতে পারে এবং দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারে তাদের মনোযোগ ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা জেলা জামায়াতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights