নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে আসা হেলিকপ্টারে ইরানি উপজাতিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে চালানো তল্লাশি অভিযানে বাধা সৃষ্টি করেছে স্থানীয় সশস্ত্র উপজাতি গোষ্ঠীগুলো।
শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, দুর্গম পার্বত্য এলাকায় নিখোঁজ সেনার সন্ধানে নিয়োজিত দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র উপজাতিরা।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশ এবং বখতিয়ারি অঞ্চলের দুর্গম পাহাড়ে এই হামলার ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই কর্মকাণ্ডের প্রশংসা করে উপজাতিদের ‘সীমান্তের সাহসী, বীরত্বপূর্ণ ও বিজয়ী প্রহরী’ হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার ফারস নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বখতিয়ারি যাযাবর উপজাতিরা রাইফেল হাতে খুজেস্তান প্রদেশের পাহাড়ে নিখোঁজ মার্কিন সেনাকে খুঁজছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ইনশাআল্লাহ, তাকে পাওয়া যাবে।
উল্লেখ্য, ওই মার্কিন সেনাকে জীবিত ধরতে পারলে বড় অঙ্কের নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেলিকপ্টারে গুলিবর্ষণের এই খবর নিয়ে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হেলিকপ্টারে হামলার পাশাপাশি আইআরজিসি তাদের একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছে। তাদের দাবি, শুক্রবার মার্কিন জেটটি ভূপাতিত করতে এবং পরে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করতে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে সেন্ট্রাল খাতাম আল-আনবিয়া সদর দফতরের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় আক্রমণ চালানো হবে। তিনি আরও বলেন, আমরা অবশ্যই আমাদের দেশের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব এবং শত্রুর পরাজয় ও গ্লানি বিশ্বের কাছে আগের চেয়ে আরও বেশি স্পষ্ট করে তুলব।
সূত্র: সিএনএন
