এক দশক ধরে সড়কের বেহাল দশা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-কৈলাইন সড়কে প্রায় ১২ কিলোমিটারজুড়ে বেহাল অবস্থা। এক দশক পার হলেও এই সড়কের দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। এতে করে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিনি উপজেলার চার লক্ষাধিক মানুষ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার থেকে শুরু হওয়া এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে যানবাহনের ক্ষয়ক্ষতি ও যাত্রীভাড়া। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, উল্টে যাচ্ছে ছোট যানবাহন।
এই সড়ক দিয়ে চান্দিনার ৮টি ইউনিয়নের মানুষ ছাড়াও বরুড়া উপজেলা এবং কচুয়া উপজেলার বাসিন্দারা চলাচল করেন। ফলে এর দুরবস্থা বৃহত্তর এলাকার মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোনো কোনোটি দুই ফুটেরও বেশি গভীর। শুকনো মৌসুমে ধুলাবালিতে দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আর বর্ষায় পুরো রাস্তা কাদামাটিতে ভরে যায়। শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষার্থীরাও পড়েছেন ভোগান্তিতে। দোল্লাই নবাপুর ডিগ্রি কলেজ, মহিচাইল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে এই সড়কের একই অবস্থা। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে উন্নয়ন চোখে পড়ে না। অন্যদিকে চালকরা বলছেন, প্রতিদিনই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে- কখনো বেয়ারিং, কখনো এক্সেল বা স্প্রিং ভেঙে যাচ্ছে। আয়-রোজগারের বড় অংশ চলে যাচ্ছে মেরামতে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সড়কটির সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কিছু অংশে কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
