বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে। পাশাপাশি বিএনপির পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন স্থানে অন্য দলের ব্যানার টাঙানোর ঘটনাও ঘটছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে এবং কোনো উসকানিতে সাড়া দিচ্ছে না। নেতা-কর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরুর কথাও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, গতকাল শনিবার পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে উঠছে। তার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন এলাকায় প্রচারে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ব্যানার-ফেস্টুন ছেঁড়া, সভা পণ্ডের চেষ্টা এবং কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নির্বাচনকে সুষ্ঠু রাখতে পাঁচ দফা দাবি তুলে ধরেন জামায়াত প্রার্থী। এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন, নিরপেক্ষ প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

আসন্ন উপনির্বাচন ঘিরে দুই পক্ষের এ ধরনের অভিযোগ-প্রত্যঅভিযোগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights