ঝড়ে গাছ উপড়ে রেললাইনে, আড়াই ঘণ্টা পর ছেড়ে গেছে উপকূল এক্সপ্রেস
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে মধ্যরাতে হঠাৎ ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
সোমবার গভীর রাতে জেলা শহর হরি নারায়নপুর, মাইজদী কোটসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে একাধিক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, আজ সকালে নোয়াখালী সোনারপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে বাধার সম্মুখীন হয়ে ধীরগতিতে এগোয়। একাধিক স্থানে গাছ সরিয়ে ট্রেনটি নারায়নপুর ও মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘসময় সেখানে অবস্থান করতে বাধ্য হয়।
পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর দিকে রওনা দেয়। তবে সামনের পথ পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যায়।
ট্রেনের চালক রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
অপ্রত্যাশিত এই বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে চলে যান।
নোয়াখালী মাইজদী কোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই গাছ অপসারণে কাজ করছেন। এখন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল প্রায় সাড়ে আটটার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখন কোন সমস্যা নেই।
