জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।

আজকের পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এদিকে, এদিন বিশেষ কমিটির সুপারিশের পরও জুলাই স্মৃতি জাদুঘর বিলে সংশোধনী আনার অভিযোগ ‍তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট।

তারা বিশেষ কমিটির ‘সমঝোতা ভঙ্গ’ ও ‘স্পিকারের নিরপেক্ষতা নিয়ে’ প্রশ্ন তুলে বেরিয়ে যান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights