ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে: তেহরান

অনলাইন ডেস্ক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ জলপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে জাহাজ চলাচলের জন্য এখন থেকে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে এবং এখানে চলাচলকারী জাহাজকে নিয়ম অনুযায়ী টোল দিতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই জলপথ শিগগিরই খুলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালি অতিক্রম করেছে এবং এটি মাইন অপসারণ অভিযানের অংশ।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, কোনো সামরিক জাহাজ প্রণালি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, বেসামরিক জাহাজগুলো নির্দিষ্ট শর্তে চলাচলের অনুমতি পেতে পারে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights