দেশে শুরু হতে পারে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক

বৃষ্টিবলয়ের প্রভাব শেষ হওয়ার পর দেশজুড়ে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার (১১ এপ্রিল) থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, আর সোমবার (১৩ এপ্রিল) থেকে রেকর্ড-ব্রেকিং তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রবিবার (১২ এপ্রিল) তিনি তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে এবং এটি সাতটি বিভাগে বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার দুপুরে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় ইতোমধ্যে মৃদু তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ পলাশ আরও জানান, এই তাপপ্রবাহ ২৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রায় দুই সপ্তাহ বা ১৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ১৬ এপ্রিল থেকে এর তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি সাতটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights