মার্কিন অবরোধে হরমুজ পার হলো তৃতীয় তেলবাহী জাহাজ, গন্তব্য আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর মার্কিন অবরোধ চলাকালীন উত্তেজনার মধ্যেই আজ হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি গত কয়েক দিনের মধ্যে এই পথ অতিক্রম করা তৃতীয় জাহাজ।
পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ নামক এই জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে এলএসইজির পরিসংখ্যানে দেখা গেছে।
এর আগে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা আরও দুটি ট্যাঙ্কার এই সংকীর্ণ জলপথটি সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। যেহেতু এই তিনটি জাহাজের কোনোটিই বর্তমানে ইরানের বন্দরের দিকে যাচ্ছে না, তাই এগুলো সরাসরি মার্কিন অবরোধের আওতায় পড়ছে না। এদের মধ্যে ‘মুরলিকিশান’ নামক একটি হ্যান্ডি ট্যাঙ্কার আগামী ১৬ এপ্রিল জ্বালানি তেল সংগ্রহের উদ্দেশ্যে ইরাকের দিকে যাত্রা করছে। জাহাজটি আগে ‘এমকেএ’ নামে পরিচিত ছিল এবং অতীতে রাশিয়া ও ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড রয়েছে।
এদিকে, এলএসইজি এবং কেপলারের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, নিষেধাজ্ঞার কবলে থাকা ‘রিচ স্টারি’ জাহাজটিই হতে যাচ্ছে অবরোধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর থেকে বের হয়ে আসা প্রথম জাহাজ। ইরানের বন্দরগুলোতে কড়া নজরদারি ও মার্কিন ব্লকেড সত্ত্বেও এই জাহাজগুলোর চলাচল আন্তর্জাতিক জলসীমায় নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
মূলত ইরানের সঙ্গে সরাসরি ব্যবসা না করে প্রতিবেশী দেশের বন্দরে যাতায়াতের মাধ্যমে জাহাজগুলো বর্তমান অবরোধ পরিস্থিতি এড়িয়ে যাওয়ার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
