বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করল অস্ট্রেলিয়া

দীর্ঘ ১৫ বছর পর আবারও বাংলাদেশে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগামী জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী দলটি।

আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খসড়া সূচি প্রকাশ করলেও, এবার সেটি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আগের সূচি অনুযায়ী ৫ জুন ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সূচিতে প্রথম ম্যাচ গড়াবে ৯ জুন। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন—সবগুলোই মিরপুরে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১১ সালে। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে সেঞ্চুরি করেছিলেন শেন ওয়াটসন ও মাইকেল হাসি, আর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন মাইকেল ক্লার্ক।

এরপর ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া। সেই সিরিজে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন নাথান এলিস।

এবারের সফরটি সম্প্রচারের দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন সম্প্রচার চুক্তির ফলে ২০১১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত কোনো পুরুষদের দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়াতেও সরাসরি সম্প্রচার করা হবে।

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে।

সফরসূচি

ওয়ানডে সিরিজ (ঢাকা)
প্রথম ওয়ানডে: ৯ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ১১ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে: ১৪ জুন, ২০২৬

টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম)
প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights