ইরান যুদ্ধের আলোচিত ১০ শব্দ
অনলাইন ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হয়েছে। এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। এই পথ দিয়েই বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ইরান, যুক্তরাষ্ট্র উভয় পক্ষই একাধিকবার এই পথ বন্ধ করার হুমকি দিয়েছে বা নিয়ন্ত্রণ আরোপ করেছে।
চলমান যুদ্ধের সময় সংবাদমাধ্যমে এমন কিছু শব্দ উঠে আসছে, যেগুলোর ভেতরে রয়েছে গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আলোচিত এমন দশটি শব্দের ব্যাখ্যা নিচে তুলে ধরা হলো।
হরমুজ
ইরান, ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। যুদ্ধের পর থেকে এখানে চলাচল সীমিত হয়েছে এবং মাঝে মাঝে বন্ধের পরিস্থিতিও তৈরি হয়েছে।
শাহেদ
শাহেদ ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন। যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন হামলায় এর ব্যবহার দেখা গেছে। নিচ দিয়ে উড়ে ও ঝাঁক বেঁধে আক্রমণ চালানোর কারণে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়।
টমাহক
টমাহক মূলত একটি কুড়াল হলেও আধুনিক সামরিক পরিভাষায় এটি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল। অত্যন্ত নির্ভুল এই অস্ত্র দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মিনাব
ইরানের একটি শহর, হরমুজ প্রণালির কাছে অবস্থিত। কৃষিজমি, প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি স্কুলে হামলার ঘটনায় এটি আলোচনায় আসে।
বাব আল মান্দেব
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল এই পথ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় এটিও আলোচনায় উঠে এসেছে।
এপিক ফিউরি
ইরান বিরোধী সামরিক অভিযানের কোড নেম হিসেবে ব্যবহৃত হয়েছে এই শব্দ। এর অর্থ মহাকাব্যিক ক্রোধ বা তীব্র প্রতিশোধ।
আয়াতুল্লাহ
শিয়া ইসলামে উচ্চপদস্থ ধর্মীয় উপাধি। ইরানের রাজনীতি ও ধর্মীয় কাঠামোতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
খারগ
পারস্য উপসাগরের একটি দ্বীপ, যা ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।
কাফির
আরবি শব্দ, যার অর্থ সত্য গোপনকারী। যুদ্ধের সময় এটি রাজনৈতিক ও ধর্মীয় আলোচনায় ব্যবহৃত হচ্ছে।
খাতামুল আম্বিয়া
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সদর দপ্তরের নাম। এর অর্থ নবীদের মোহর।
সূত্র: আল-জাজিরা
