আইসিসিবিতে আন্তর্জাতিক গাড়িমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের অন্যতম বড় আন্তর্জাতিক অটোমোটিভ কার প্রদর্শনী বা গাড়িমেলা। ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ শীর্ষক এ প্রদর্শনীতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে প্রায় ২০০টি বুথে বিভিন্ন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও নতুন মডেলের গাড়ি প্রদর্শন চলছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এই গাড়িমেলা। প্রতিদিন এ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অটো সিরিজের এবারের প্রদর্শনীতে একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘১৯তম ঢাকা মোটর শো’, ‘১০ম ঢাকা বাইক শো’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ ও ‘৩য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো’।
এবারের প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডাই, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেংসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের গাড়ির পাশাপাশি টু-হুইলারের মধ্যে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া ও ভিমোটোর মতো ব্র্যান্ড অংশ নিয়েছে। এ ছাড়া মোটর পার্টস এবং ইলেকট্রিক ভেহিকল (ইভি) খাতের নানা পণ্য ও প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বিকল্প জ্বালানির গুরুত্ব বেড়েছে। এই প্রেক্ষাপটে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ছে এবং নতুন, সাশ্রয়ী প্রযুক্তি সামনে আসছে। এ ধরনের আয়োজন সংশ্লিষ্ট শিল্প খাতে নতুন গতি যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক ড. অনুপম সাহা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।
