মুন্সিগঞ্জের ঘুষ গ্রহণকারী সেই স্টেনোটাইপিস্টকে বদলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঘুষ গ্রহণের অভিযোগে আলোচিত মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সেই স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।

রবিবার বিভাগীয় কার্যালয় (ঢাকা বিভাগ) থেকে এক আদেশে তাকে বদলি করা হয়। আদেশে কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।

কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক ডা. জমির মো. হাসিবুস সাত্তার স্বাক্ষরিত বদলির আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদানে ব্যর্থ হলে চতুর্থ দিন থেকে তাকে অব্যাহতিপ্রাপ্ত গণ্য করা হবে।

মিজানুর রহমানের এই বদলির আদেশে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের দাবি, তার অবৈধ সম্পদের বিষয়েও দুর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ১১ মার্চ মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হয়। পরবর্তী সময়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে গত ২৫ এপ্রিল তাকে প্রত্যাহার করার খবর পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights