রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
অনলাইন ডেস্ক
সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নেওয়ার পথে রাসায়নিক দিয়ে পাকানো ট্রাকভর্তি প্রায় নয় হাজার কেজি (৯ টন) অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে আমের চালানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রাকভর্তি রাসায়নিক দিয়ে পাকানো আমের একটি বড় চালান নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালায়। এ সময় আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট ভর্তি রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক আম জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জব্দ করা আমগুলো বুধবার দুপুরে বিনেরপোতা এলাকার পৌর ময়লার ভাগাড়ে নিয়ে গাড়ির চাকায় পিষে ধ্বংস করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, অপরিপক্ক আমগুলো রাসায়নিক দিয়ে পাকানো হওয়ায় সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
