মেগা প্রকল্পে বদলাবে সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বেহাল সিলেট নিয়ে নতুন আশার আলো দেখতে শুরু করেছেন সিলেটবাসী। এত দিন তারা দেখেছেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনের উন্নয়নকাজ চলছে ঢিমেতালে। রেললাইনের অবস্থাও জরাজীর্ণ। বর্ষায় নগর ডুবে বৃষ্টি আর বানের জলে। গ্রীষ্মে নেমে যায় ভূগর্ভস্থ পানির স্তর। সিলেটবাসীর দীর্ঘদিনের এসব দুর্ভোগ দেখার যেন কেউ ছিল না। এবার এসব সমস্যার সমাধানে ত্রাতা হয়ে এসেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই সিলেটবাসীকে শুনিয়েছিলেন নানা আশাবাদের গল্প। সরকার গঠনের পর এবার সিলেট সফরে এসে শ্বশুরবাড়ি সিলেটের উন্নয়নে প্রায় ৭ হাজার কোটি টাকার নতুন একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে বিগত সরকারের আমলে অন্ধকারে থাকা মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন ছাড়াও সিলেট শহর রক্ষায় বন্যা প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, সিলেট-আখাউড়া রেল সেকশনে ডাবল রেললাইন স্থাপন, আওয়ামী লীগ সরকারের আমলে করা ‘বেওয়ারিশ’ আড়াই শ শয্যার হাসপাতালটি চালুসহ ওসমানী মেগা প্রকল্পহাসপাতালকে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দিয়ে গেছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণে ১১ স্থানে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা ছিল সেগুলো দূর করা হয়েছে উল্লেখ করে দ্রুত মহাসড়কের কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি। সেই আশার বাণী শুনে সিলেটবাসীও বেশ আশ্বস্ত।

জানা যায়, সিলেট নগরবাসীর বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জলাবদ্ধতা ও সুপেয় পানি। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরকালে নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনটি প্রধান ছড়া-খালে স্লুইস গেট স্থাপন, সুরমার দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ ও বন্যা প্রতিরক্ষা দেয়াল তৈরিসহ ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুপেয় পানির জন্য আধুনিক শোধনাগার নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া বাসিয়া নদীর ২৩ কিলোমিটার খননকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নদীটির খননকাজ শেষ হলে সিলেট ও সুনামগঞ্জের পাঁচ উপজেলার পরোক্ষভাবে অন্তত ৮০ হাজার কৃষক উপকৃত হবেন। চাষাবাদ বাড়বে ২০ হাজার হেক্টর জমিতে। উৎপাদন বাড়বে প্রায় ৭ হাজার হেক্টর খাদ্যশস্য। দুই পাড়ে ৫০ হাজার গাছ লাগিয়ে ঘটানো যাবে সবুজবিপ্লব।

প্রধানমন্ত্রীর সফরে সিলেটবাসীর প্রাপ্তি প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। সিলেট আসার পর থেকে ফেরা পর্যন্ত আমি তাঁর সঙ্গে ছিলাম। তিনি প্রকাশ্যে সমাবেশে সিলেটের উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা অকল্পনীয়। এর আগে সিলেট নগরীর উন্নয়নে একসঙ্গে এত উন্নয়নের ঘোষণা কেউ দেয়নি।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই সিলেটের কাক্সিক্ষত উন্নয়ন সাধিত হবে বলে আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights